পাঁচ সদস্যের তদন্ত আদালত গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁর দুটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নৌবাহিনী পাঁচ সদস্যের তদন্ত আদালত গঠন করেছে। নৌবাহিনীর একাধিক কর্মকর্তা এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছে।
বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে আটক নৌবাহিনীর ‘ব্যাটম্যান’ রমজান আলী ও ‘বলকিপার’ আবদুল মান্নান সম্পর্কে চট্টগ্রামের পুলিশ কিছু জানাতে পারেনি। নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁ এলাকা চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আওতাভুক্ত। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক দুজন কোথায় আছেন তা জানি না। এ বিষয়ে এখনো থানায় মামলা হয়নি।’ একই কথা বলেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) জাহিদুল ইসলামও।
গত শুক্রবার জুমার নামাজের সময় ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। এ বিষয়ে ওই দিন সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁ মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ওই বিস্ফোরণে পাঁচ থেকে ছয়জন সামান্য আহত হন। এরপর গত দুই দিন আইএসপিআর থেকে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি।