পাঁচ সাংবাদিককে আটকে রাখেন ইউএনও!
নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিব গতকাল বুধবার পাঁচজন সাংবাদিককে সাড়ে তিন ঘণ্টা তাঁর কার্যালয়ে আটকে রাখেন।
ইউএনও হাসান হাবিবের বিরুদ্ধে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ সুবিধাভোগী সমিতির ব্যবস্থাপক বেলাল হোসেনকে লাথি মারার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিকেরা তাঁর কার্যালয়ে গেলে তাঁদের আটকে রাখা হয়।
পরে স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী ও ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদের হস্তক্ষেপে সাংবাদিকেরা বিকেল সাড়ে পাঁচটার দিকে মুক্তি পান। এই সাংবাদিকেরা হলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান, চ্যানেল আইয়ের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, একুশে টিভির প্রতিনিধি মাহাবুবার রহমান, ক্যামেরাম্যান সাদ্দাম হোসেন ও মাইনুল ইসলাম।
মিল্লাদুর রহমান অভিযোগ করেন, ‘বেলাল হোসেনের করা অভিযোগের সত্যতা জানতে গেলে ইউএনও আমাদের আটকে রাখেন এবং গ্রেপ্তারের জন্য থানায় খবর দেন। এর আগে ইউএনও আমাদের পুলিশ ডেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুমকি দেন এবং সাংবাদিক মানিক লাল দত্তের ক্যামেরা আটক করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্থানীয় সাংসদের মধ্যস্থতায় আমরা ছাড়া পাই।’
সাংবাদিকদের ছেড়ে দেওয়ার সময় ইউএনও বলেন, ‘তাঁদের আটকে রেখে আমি ভুল করেছি।’
জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ইজারাদার পাড়ার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগী সমিতির ব্যবস্থাপক বেলাল হোসেন অভিযোগ করেন, ‘আমার সমিতির ৬০ জন সদস্যের ৫৮ জনকে এক বছর আগে সাড়ে চার লাখ টাকা ঋণ দেওয়া হয়। সদস্যরা আমার মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে তাঁদের কিস্তির টাকা জমা করেন। এক বছরে সমিতির সদস্যদের কিস্তির ৯৩ হাজার টাকা এবং আমার নিজের কিস্তির ২০ হাজার টাকা মিলে এক লাখ ১৩ হাজার টাকা বকেয়া পড়ে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই টাকা পরিশোধের জন্য ইউএনওর কাছে তিন মাসের সময় চাইতে গেলে প্রথমে আমাকে ইউএনওর কার্যালয়ে এবং পরে পল্লি উন্নয়ন কার্যালয়ে নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে ইউএনও আমাকে লাথি মারেন।’
তবে বেলাল হোসেনের আনা অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন ইউএনও।