পাঁচ হাজার টাকার লেহেঙ্গা সাড়ে ১২ হাজারে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই পোশাকটি পাঁচ হাজার ১০০ টাকায় কিনে সাড়ে ১২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। অতিরি​ক্ত মুনাফা করায় ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। ছবি: জুয়েল শীল
এই পোশাকটি পাঁচ হাজার ১০০ টাকায় কিনে সাড়ে ১২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। অতিরি​ক্ত মুনাফা করায় ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। ছবি: জুয়েল শীল

দোকানের ভেতরে দেয়ালে সাঁটানো আছে ‘ফিক্সড প্রাইজ’। অথচ দোকানের মালিক-বিক্রেতারা দাবি করছিলেন তাঁরা দর-কষাকষির মাধ্যমে পোশাক বিক্রি করেন। দুটি পোশাকের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর কেনা দামের সঙ্গে গায়ে লাগানো স্টিকারের দামের পার্থক্য দ্বিগুণের বেশি। অযৌক্তিক দামে পোশাক বিক্রি করায় দোকানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পোশাকের ক্রয় রসিদ দেখাতে না পারায় আরেকটি দোকানকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ‘জিনি নিমি’ ও ‘নাদিয়া এম্পোরিয়াম’ নামের দুটি দোকানকে এ জরিমানা করা হয়েছে। এ ছাড়া সুমনা ক্লথ স্টোর নামের আরেকটি দোকানের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাহমিলুর রহমান। সঙ্গে ক্যাব, চট্টগ্রাম চেম্বার ও পুলিশের সদস্যরা ছিলেন।
জিনি নিমি দোকানটি মেয়েদের তৈরি পোশাক বিক্রি করে। দোকানটিতে ৫ হাজার ১০০ টাকায় কেনা সারারা লেহেঙ্গা ১২ হাজার ৫০০ টাকায় এবং ৪ হাজার ৭৫০ টাকায় কেনা লেহেঙ্গা ৯ হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছিল। অবশ্য দোকানটির মালিক মো. সোহেল ভ্রাম্যমাণ আদালতের কাছে দাবি করেন, দোকানে দর-কষাকষির মাধ্যমে পোশাক বিক্রি হয়। কিন্তু এর সপক্ষে প্রমাণ দেখাতে পারেননি। দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এর মালিককে সতর্ক করে দেওয়া হয়। দোকানের মালিক দ্রুত পোশাকের গায়ে স্টিকারে দাম কমিয়ে লেখার অঙ্গীকার করেন।
এরপরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান ‘নাদিয়া এম্পোরিয়াম’ নামের মেয়েদের তৈরি পোশাক বিক্রির একটি দোকানে। এই দোকানে বেশির ভাগই লেহেঙ্গা জাতীয় পোশাক। পোশাকের গায়ে ২৯ হাজার ৫০০ টাকা লাগানো স্টিকারও ছিল। কিন্তু দোকানটির মালিকপক্ষ কোনো পোশাকেরই ক্রয় রসিদ দেখাতে পারেননি ভ্রাম্যমাণ আদালতকে। পরে এই দোকানটিতে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযান শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শপিং মলের মালিক সমিতির সঙ্গে বৈঠক করা হয়েছে। পরে বিভিন্ন নির্দেশনা দিয়ে তাঁদের চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু অভিযানে দেখা যাচ্ছে অনেক মালিকই প্রকৃত দামের তুলনায় অনেক বেশি দামে কাপড় বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। চিটাগাং শপিং কমপ্লেক্সে দু-তিন দিন পর আবারও অভিযান চালানো হবে।
সুমনা ক্লথ স্টোরে একটি আন স্টিচ থ্রি পিসের গায়ে দামের জায়গায় ১৬ হাজার ৪০০ লেখা দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এর প্রকৃত ক্রয়মূল্য ছিল ৫ হাজার ২০০ টাকা। দোকানের মালিক অবশ্য এটিকে কোড বলে দাবি করেন ভ্রাম্যমাণ আদালতের কাছে। পরে তাঁকে স্টিকারে পোশাকের যৌক্তিক মূল্য বসানোর নির্দেশ দিয়ে সতর্ক করেন আদালত।
অভিযান চালানোর সময় নির্বাহী হাকিম অভিযোগ বাক্স বসানো, প্রত্যেক দোকানিকে ক্রয় রসিদ সংরক্ষণ, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেন শপিং কমপ্লেক্সের মালিক সমিতির নেতাদের।