পাঁচ হাজার টাকার লোভে গাড়িতে পেট্রলবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতার নির্দেশে মাত্র ৫ হাজার টাকার লোভে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন সাহাবউদ্দিন ও মো. হানিফ। অপরাধ স্বীকার করে দুজনে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, দুই আসামি ৫ হাজার টাকার বিনিময়ে গাড়িতে পেট্রলবোমা মারার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ কাজের নির্দেশদাতা হিসেবে তাঁরা বিএনপির এক নেতার নাম বলেছেন। জবানবন্দি শেষে দুজনকে কারাগারে পাঠানো হয়। একই আদালত অপর আসামি মোহাম্মদ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাকা দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে চট্টগ্রাম নগর বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে নগর যুবদলের একজন নেতা দাবি করেন, গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারার জন্য তাঁরা কাউকে টাকা দেন না।
১১ জানুয়ারি রাত আটটার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে দুটি পেট্রলবোমা হামলা হয়। এ সময় স্থানীয় লোকজন নুরুল আবছার নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বাসের সুপারভাইজার আরিফুল ইসলাম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। পরে আসামি আবছারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাতে নগরের বাকলিয়া মিয়াখান নগর এলাকা থেকে সাহাবউদ্দিন, মো. হানিফ ও মো. হোসেনকে গ্রেপ্তার করে। ৫ হাজার টাকার বিনিময়ে ওই বাসে পেট্রলবোমা ছুড়ে মারার কথা স্বীকার করে দুই আসামি আদালতে জবানবন্দি দেন।
নগরের বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার দুই আসামি বিএনপির নেতাদের নির্দেশে টাকার বিনিময়ে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। পরে তাঁরা আদালতের দেওয়া জবানবন্দিতেও বিষয়টি স্বীকার করেন।