বিহারি ক্যাম্পে হত্যাকাণ্ডের তিন মাস: ইয়াছিনের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলছে পরিবার, মামলা
পাঁচ হামলাকারীকে শনাক্ত করাই কাল হলো তাঁর!
মিরপুরের পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াছিনের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে মনে করছেন তাঁর স্বজনেরা। তাঁদের দাবি, বিহারি ক্যাম্পে হামলার ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িতদের শনাক্ত করে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ কারণেই তাঁকে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে।
পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে ৬ সেপ্টেম্বর বাসের ধাক্কায় মারা যান মো. ইয়াছিন (৫০)। পরদিন তাঁর ফুফাতো ভাই মো. আলম পল্লবী থানায় ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ এর খ (অপরাধজনক প্রাণহানি) এবং ২৭৯ ধারায় (বেপরোয়া বা অবহেলামূলকভাবে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করা) মামলা করেছেন। গত ১৪ জুন বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ইয়াছিনের পরিবারের নয়জন সদস্য মারা যান। মামলার বিবরণে লেখা হয়েছে, ইয়াছিনের মৃত্যুতে ওই দুর্বৃত্তদের হাত থাকতে পারে। এ ছাড়া যে পরিবহন কোম্পানির বাস ইয়াছিনকে চাপা দিয়েছে, তার নাম ‘ইটিসি’ বলে উল্লেখ করা হয়েছে।
মো. আলম বলেন, ক্যাম্পে হামলার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলায় অংশ নেওয়া পাঁচজনকে শনাক্ত করেছিলেন ইয়াছিন। তাঁদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করার প্রস্তুতি নেন। ৮ সেপ্টেম্বর মামলা করার কথা ছিল তাঁর। কিন্তু এর দুই দিন আগেই মারা যান ইয়াছিন।
মো. আলম বলেন, ‘আমাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারী হিসেবে ইয়াছিন যাঁদের শনাক্ত করেছিলেন, তাঁরা সবাই যুবলীগ করেন। তাঁরা পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার অনুসারী।’
অভিযোগের বিষয়ে জুয়েল রানার বক্তব্য জানতে গত দুই দিন তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু প্রতিবারই মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বিহারিদের সংগঠন এসপিজিআরসির (স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটি) সাধারণ সম্পাদক শওকত হোসেন ও ইউএসপিআরএর (উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট) সাধারণ সম্পাদক সাহিদ আল বাবলু বলেন, ইয়াছিন হামলার ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করেছিলেন। কয়েকজন হামলাকারীকে শনাক্ত করেন। এসব নাম পুলিশ ও র্যাবের কাছে দিয়েছিলেন তিনি।
তবে ক্যাম্পে হামলার ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা যায়নি।
এদিকে মামলায় যে বাসের কথা উল্লেখ করা হয়েছে, সেই বাস ইটিসি ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের। এর চেয়ারম্যান আলতাফ হোসেন। তিনি ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
মামলায় করা অভিযোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে কথা হয় আলতাফ হোসেনের সঙ্গে। তিনি দাবি করেন, ইটিসি পরিবহনের বাস ইয়াছিনকে চাপা দেয়নি। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
কুর্মিটোলা বিহারি ক্যাম্পে হামলার সঙ্গে ইয়াছিন নিহত হওয়ার ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না, এমন প্রশ্নের জবাবে আলতাফ হোসেন বলেন, এসব বিষয়ে তাঁর সংশ্লিষ্টতার কোনো প্রশ্নই আসে না।
এ বিষয়ে বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, ইয়াছিনকে ধাক্কা দেওয়া ইটিসি পরিবহনের সেই বাসের চালকের সহকারীকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। চালক এখনো পলাতক আছেন। তিনি বলেন, ইয়াছিনের স্বজনের করা মামলার বিষয়ে তদন্ত চলছে।
বিহারি ক্যাম্পে হত্যাকাণ্ডের তিন মাস: কুর্মিটোলা বিহারি ক্যাম্পের নয়জনকে পুড়িয়ে মারাসহ ১০ হত্যাকাণ্ডের তিন মাস আজ। সেদিন ক্যাম্পে হামলা, ভাঙচুর, লুটপাট হলেও এ ঘটনায় করা ছয়টি মামলায় অজ্ঞাতনামা ও নাম উল্লেখসহ ক্যাম্পেরই তিন হাজার ৭১৪ জনকে আসামি করা হয়। দুটি মামলার বাদী পুলিশ। বাকি চারটি মামলার বাদীও পুলিশের পছন্দের লোকজন বলে ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেছেন।
পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, লুটপাট, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মোট ছয়টি মামলার একটিরও তদন্ত শেষ হয়নি এখনো। ক্যাম্পে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।
তবে ক্যাম্পের বাসিন্দারা বলেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ তিন মাসে একজনও গ্রেপ্তার হলো না।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অন্তত ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আগুন কারা লাগিয়েছে, তাঁরা তা বলতে পারেননি। অগ্নিসংযোগকারী শনাক্তে সোর্স নিয়োগ করা হয়েছে। অভিযুক্ত জুয়েল রানাকেও নজরদারিতে রাখা হয়েছে।
ঘটনার পর থেকেই বিহারি ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করে আসছেন, যুবলীগ নেতা জুয়েল রানার নেতৃত্বে হামলা হয়েছে। এতে ইন্ধন দিয়েছেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। হামলার পরদিন তাঁরা সড়ক অবরোধ করেন এবং সাংসদের কুশপুত্তলিকা পোড়ান।
অবশ্য সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তিনি বলেন, ওই হামলায় তাঁর সম্পৃক্ততা ছিল না। তাঁর কোনো লোকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
গত সপ্তাহে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে গেলে বাসিন্দারা আবারও হামলার আশঙ্কার কথা জানান। ক্যাম্পের বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার টাঙানো রয়েছে। ব্যানারে লেখা আছে, ‘গত ১৪ জুন পুলিশ বাহিনী ও জুয়েল রানা সন্ত্রাসী বাহিনী দিয়ে ১২/ই কুর্মিটোলা ক্যাম্পে আটকে পড়া পাকিস্তানি ১০ জন নারী ও শিশুকে নির্মমভাবে পুড়িয়ে মেরে ফেলেছে।’ এসপিজিআরসি কার্যালয়সহ ক্যাম্পের বিভিন্ন স্থানে হামলার দৃশ্য ও পুলিশের ‘আক্রমণের’ ছবিও সাঁটানো আছে।
গত ১৪ জুন ভোর থেকে দুপুর পর্যন্ত বহিরাগত ও পুলিশের সঙ্গে বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ সময় ক্যাম্পের বাসিন্দা ইয়াছিনের ঘরের বাইরে তালা মেরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পরিবারের নয়জন দগ্ধ হয়ে মারা যান। ঘটনার সময় ইয়াছিন বাইরে ছিলেন। তাঁর পরিবারের একমাত্র সদস্য ফারজানা আক্তার দগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন।