পাঁচজনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের একটি বাড়ির পাঁচজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
অচেতন হওয়া পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. সিরাজুল ইসলাম (৫০), তাঁর স্ত্রী মুন্নি বেগম (৪০), ছেলে মো. শামীম (১০), দোকানের কর্মচারী নজরুল ইসলাম (৩৫) ও কাজের মেয়ে ফাহিমা আক্তার (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে সিরাজুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খান। খাবার খাওয়ার আধা ঘণ্টা পর সবাই অসুস্থ হয়ে পড়েন।
সিরাজুল ইসলামের মেয়ে সুপ্তি বলে, ‘রাতে আমি আমার কক্ষের দরজা বন্ধ করে ঘুমাই। সকালবেলায় মা-বাবাকে ডাকলে তাঁরা না ওঠায় পাশের বাসার মানুষ ও এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’ সে আরও জানায়, রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে কত টাকা ও কী পরিমাণ স্বর্ণালংকার লুট হয়েছে, সুপ্তি তা জানাতে পারেনি।
সিরাজুল ইসলাম কচুয়া বাজারের তকদীর স্টোরের মালিক। দোকানের কয়েকজন কর্মচারী জানান, রোববার রাতে প্রায় সাত লাখ টাকা এনে সিরাজুল বাসায় রাখেন। ওই টাকার লোভে দুর্বৃত্তরা বাসায় ঢোকে। পরে তারা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।