পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আওয়ামী লীগের নেতা ছায়েদুল ইসলাম ওরফে বকুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৯ জানুয়ারি কালিখা গ্রাম কমিটির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছায়েদুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ছায়েদুল ওই রাতে তালতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় ১০ জানুয়ারি নিহত ছায়েদুলের বাবা ছাবেদ আলী মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে তারাকান্দা থানায় মামলা করেন। গতকাল দুপুরে কালিখা গ্রাম থেকে স্থানীয় এলাকাবাসী রতন মিয়া, কালা চান, নুরুল ইসলাম, মো. জয়নাল ও আমেনা খাতুন নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে এ মামলায় নিহত ব্যক্তির স্ত্রী ও শাজাহান নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তারাকান্দা থানার ওসি মাজহারুল হক বলেন, ‘এ মামলায় আগে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানা নেই। আটককৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।’