যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ডামুড্যা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
মামলায় তার স্বামী বাবুল মাল, শ্বশুর রহমান মাল, শাশুড়ি ফজিলা বেগম, দেবর শামীম মাল ও বাবুলের বন্ধু আয়নাল খানকে আসামি করা হয়েছে। পুলিশ ওই গৃহবধূর শাশুড়ি ফজিলা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একটি গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্বামী তাঁর স্ত্রীর বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। লজ্জা আর অপমানে সে আত্মহত্যার চেষ্টা চালায়। ‘যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর বিবস্ত্র ছবি ফেসবুকে’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীর অশ্লীল ছবি স্বামী ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন—এমন অভিযোগে মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।