পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন বিষক্রিয়ায়, একজন গলায় ফাঁস নিয়ে, একজন ভবন থেকে পড়ে মারা গেছেন। এ ছাড়া পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে নূর হোসেন (২৮) নামের এক যুবক লালবাগের শহীদনগরের বাসায় বিষক্রিয়ায় আক্রান্ত হন। ওই বাসা থেকে অচেতন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নূর হোসেনের বোন তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, নূর হোসেন বেকার ছিলেন। তিনি কীভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হলেন, তা তাঁরা জানেন না।
গতকাল বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিংয়ের কে ব্লকের নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় কাজ করার সময় পা ফসকে নুর ইসলাম (৩৫) নামের এক নির্মাণশ্রমিক পড়ে যান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল পশ্চিম ইসলামবাগের নিজ বাসা থেকে তানিয়া আক্তার (২৫) নামের এক নারীকে গতকাল বিকেল পৌনে চারটার দিকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলায় কালো দাগ ছিল।
গতকাল সকালে পুলিশ মিরপুর ১২৩ নম্বর সেকশনের ডি ব্লকের একটি বাসা থেকে সাবিনা ইয়াসমিন (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর স্বামীর নাম মাসুদুর রহমান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সাবিনা ইয়াসমিনের সন্তান জন্ম নেয়। কিন্তু সাবিনার স্বজনেরা অভিযোগ করেন, সাবিনা অসুস্থ হয়ে পড়লেও তাঁর স্বামী হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেননি। দায়িত্বে অবহেলার অভিযোগে সাবিনার ভাই এম এস আই শাহীন থানায় মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর মাসুদুর পালিয়ে গেছেন।
গতকাল সকালে পুলিশ মোহাম্মদপুরের সাদেক খান রোডের ভাড়া বাসা থেকে আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রুবেল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে রুবেল আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেব পাড়ায়। গতকাল সকালে ঘুম থেকে জেগে রুবেলের লাশ ঝুলতে দেখেন বলে তাঁর স্ত্রী জানান।