পাঁচজনের কাছ থেকে ১০ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার দুপুরে ১০ কেজি সোনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক পাঁচজন হলেন আবদুল হালিম, বেলাল উদ্দিন, মো. সাজ্জাদ, মো. আলম ও মো. আনোয়ার।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, বিমানের একটি উড়োজাহাজ দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে আসে। আটক ওই পাঁচজন চট্টগ্রাম থেকে উড়োজাহাজটিতে উঠেছিলেন। উড়োজাহাজটি ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালে তাঁদের তল্লাশি করা হয়। তাঁদের জুতার ভেতর থেকে ৮৬টি সোনার বার পাওয়া যায়। এই সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
জিয়াউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, সোনাগুলো দুবাই থেকে পাচার করে আনা হয়েছে। দুবাই থেকে সোনা আনা ব্যক্তিরা উড়োজাহাজেই তাঁদের কাছে সোনাগুলো হস্তান্তর করেন। তাঁদের ধারণা ছিল, অভ্যন্তরীণ পথের যাত্রীদের হয়তো তেমন তল্লাশি করা হবে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে সন্তোষজনক জবাব মেলেনি। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন তদারকি করে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা ও আটক ব্যক্তিদের বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।