পাঁচজনের নামে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হক (৩৪) হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। নিহত রাকিবুলের বাবা আবদুল হালিম খান গত রোববার রাতে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার ঘোপখালী গ্রামের কামরুল আকন (২২), তাঁর বাবা ইউসুফ আকন (৪৫) ও চরকখালী গ্রামের মো. সোহাগ (২০)।
রাকিবুল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি কালভার্টের ওপর বসে গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাকিব কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় তিন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও দুই চোখ উপড়ে ফেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিহত রাকিবুলের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মামলার আসামিরা পলাতক আছেন। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গতকাল এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।