পাঁচজনের বিরুদ্ধে মামলা, কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের রায়নগরে স্কুলছাত্রীর উত্ত্যক্তকারীকে আশ্রয়দানের প্রতিবাদ করায় বিপ্লব রায় ওরফে বিকুলকে (৩০) খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয় স্কুলছাত্রীর নিকটাত্মীয় বিপ্লব রায়কে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় গত বুধবার রাতে মামলা করেছেন।
মামলায় উত্ত্যক্তকারী সুমন দাস এবং তাঁর আশ্রয়দাতা জমশেদ সিরাজ, কবির আহমদ, রুবেল দাস ও জুবেল মিয়াকে আসামি করা হয়েছে। জমশেদ নগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ সিরাজের ছোট ভাই। বখাটে সুমন পূর্ব মিরাবাজারের একটি ফার্নিচার দোকানের ব্যবস্থাপক।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, ঘটনার পর থেকে পলাতক থাকায় পুলিশ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্কুলছাত্রীর পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের একটি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন সুমন। এ ব্যাপারে গত বছরের ৯ অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় মেয়েটির বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না। এতে পরিবারের পক্ষ থেকে বিপ্লব সামাজিকভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করছিলেন। গত মঙ্গলবার রাতে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করতে জমশেদ সিরাজ তাঁর বাসায় বিপ্লবকে ডেকে নিয়ে যান। আলোচনার একপর্যায়ে বখাটে সুমন জমশেদের আশ্রয়ে রয়েছেন শুনে বিপ্লব এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে জমশেদ বিপ্লবকে ছুরি মারেন। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে অনন্ত ও প্রিতম নামে বিপ্লবের দুই সঙ্গীকেও ছুরিকাঘাত করা হয়। পরে বিপ্লবকে হাসপাতালে নিয়ে যান জমশেদ। বিপ্লব মারা যাওয়ার পর গা ঢাকা দেন জমশেদ।
গতকাল স্কুলছাত্রীর বাসায় গিয়ে দেখা গেছে, কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে মেয়েটির। ‘ও কাকু, কাকুরে...’ বলে প্রলাপ বকছিল সে। এই ‘কাকু’ হচ্ছেন বিপ্লব রায়।
নিরাপত্তাহীনতার ছাপ ওই ছাত্রীর পরিবারের সদস্যেদের চোখেমুখেও। পরিবারটি জানায়, ছুরিকাহত হওয়ার আগে বিপ্লব মুঠোফোনে তাঁর অবস্থান ও আক্রমণের মুখে পড়ার তথ্য জানিয়েছিলেন। পরে তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জানতে পারেন, বিপ্লবকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তাঁরা বিপ্লবের মরদেহ দেখতে পান।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘জিডিটা যদি পুলিশ দেখত, তাইলে এই ঘটনা ঘটত না।’
ওই জিডিতে উত্ত্যক্তকারী হিসেবে সুমন দাসের নাম উল্লেখ করা হয়েছে। সারবেস্ট ফার্নিচার নামের দোকানে বসে সুমন মেয়েটিকে উত্ত্যক্ত করতেন বলে জিডিতে উল্লেখ করা হয়। ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তানভির মাহমুদ জানান, তিনি হত্যাকাণ্ডের পর উত্ত্যক্ত করার বিষয়টি জানতে পেরেছেন। পুলিশ যদি আগে এ ব্যাপারে তাঁকে জানাত, তাহলে তিনিও ব্যবস্থা নিতে পারতেন।
জিডি করার পরও কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে গত বুধবার সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে অভিহিত করেছিলেন।