পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামের কবরস্থান থেকে নারী-পুরুষের পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচটি কবরে ফুসরা গ্রামের পাঁচজন বাসিন্দার মরদেহ দাফন করা হয়েছিল। ছয় মাস থেকে এক বছর আগে ওই পাঁচজনের মৃত্যু হয়। কবরস্থানটিতে কোনো প্রকার নিরাপত্তা দেয়াল এবং নিরাপত্তাকর্মী না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।
পাঁচটি কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনা কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ বলেন, চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।