যন্ত্রপাতি রেখে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পাঁচটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নগরের পাহাড়তলী সিডিএ মার্কেটে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
সিডিএ সূত্র জানায়, অভিযানে শাহ জব্বারিয়া স্টোর, নাঈমা ইলেকট্রিক, শাহ আমানত হাইড্রোলিক স্টোর ও জামালপুর হাইড্রোলিক স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মোহাম্মদ আলীর দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দোকানের সামনে যন্ত্রপাতি রাখার কারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ জন্য পাঁচটি দোকানকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিডিএর সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ভূসম্পত্তি কর্মকর্তা (ভবন) মো. আলমগীর খানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা।