পাঁচটি সোনার বারসহ 'বাহক' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে পাঁচটি সোনার বারসহ সুলতান মাহমুদ (৩৩) নামে একজনকে আটক করেছে বিজিবি। তিনি নিজেকে সোনার এ বারগুলোর ‘বাহক’ বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার কলেজ বাজার থেকে তাঁকে আটক করা হয়।

দিনাজপুর ২৯ বিজিবির ব্যাটালিয়নের বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সকালে কলেজ বাজারে অবস্থান নেন। ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি নৈশকোচ থেকে কলেজ বাজারে নামার সঙ্গে ​সঙ্গে সুলতানকে আটক করা হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের কোমরের অংশে বিশেষভাবে রাখা পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবির হাতে আটক সুলতান মাহমুদের দেওয়া তথ্য, তিনি এর আগেও সোনার একটি চালান নিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবিতে হব্বর নামে চেঁচড়া গ্রামের এক ব্যক্তির কাছে দিয়ে আসেন। ঢাকার বায়তুল মোকাররম এলাকার এক ব্যক্তি তাঁকে এই সোনার বারগুলো দেন। তিনি দেখলে ওই ব্যক্তিকে চিনতে পারবেন; তবে তাঁর নাম জানেন না। শুধু বাহক হিসেবেই তিনি হব্বরের কাছে সোনার বারগুলো পৌঁছে দেন। এভাবে সোনার বার বহনের জন্য প্রতিবার তাঁকে আড়াইহাজার টাকা করে দেওয়া হয়।

কমান্ডার গোলাম কিবরিয়া আরও বলেন, সুলতান মাহমুদকে আপাতত ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।