পাঁচবিবি বিএনপির সাবেক সভাপতি চার দিন নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা আবদুর রব বুলু (৬৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। আবদুর রব পাঁচবিবির বাসা থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছানোর পর নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ছেলে ঢাকার মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পাঁচবিবি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আবদুর রবের স্ত্রী দৌলতন নাহার গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে জানান, তাঁর স্বামী ১৭ ফেব্রুয়ারি পাঁচবিবি পৌর এলাকার দমদমার নিজ বাড়ি থেকে সকাল ১০টার ঢাকাগামী এসআর পরিবহনে ঢাকায় যান। ঢাকার ধানমন্ডির সোবহানবাগে তাঁদের এক ছেলে ও দুই মেয়ে ভাড়া থাকেন। সেখানেই তিনি যাচ্ছিলেন। ওই দিন তিনি স্বামীর সঙ্গে মুঠোফোনে দুবার কথা বলেছেন। সর্বশেষ কথা বলেছেন বিকেল সাড়ে পাঁচটার দিকে। তখন তিনি রাস্তায় ছিলেন এবং যানজটের কথা জানান। এরপর আর তাঁর স্বামীর সঙ্গে কথা হয়নি।
দৌলতন নাহার আরও জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার বাসা থেকে সুমি ও রুমি ফোনে তাঁদের বাবার সঙ্গে কথা বলে। এ সময় তাঁদের বাবা বলেন, ঢাকায় পৌঁছে গেছি, বাসায় আসছি। এর পরপর আর মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি। ফোন বন্ধ রয়েছে।
এ ঘটনায় বুলুর ছেলে প্রকৌশলী রাজিব হাসান গত বৃহস্পতিবার ঢাকার মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর ১১৭৮)।
দৌলতন নাহার আরও জানান, তাঁর স্বামী একজন মুক্তিযোদ্ধা। একসময় জাসদের রাজনীতি করতেন। পরে বিএনপিতে যোগ দেন। পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। এখন আর সক্রিয় কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। কেন, কীভাবে তিনি চার দিন ধরে নিখোঁজ রয়েছেন এ বিষয়ে তাঁরা কিছু ধারণা করতে পারছেন না।
বিএনপির সাবেক সভাপতি আবদুর রবকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।