পাঁচবিবিতে আড়াই কেজি সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের ভুঁইডোবার সাঁওতালপাড়া এলাকা থেকে গতকাল বুধবার সোনার ২৪টি বারসহ মামুনুর রশিদ (৩৫) নামের একজনকে আটক করেছেন জয়পুরহাট-৩ বর্ডার গার্ডের সদস্যরা।
আটক মামুনুর রশিদ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারের দক্ষিণপাড়ার বাসিন্দা। জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে ১০টার দিকে কয়া সীমান্তের ভুঁইডোবা গ্রামের সাঁওতালপাড়া রাস্তা থেকে ভারতে পাচারের জন্য নেওয়ার সময় ওই সোনা জব্দ করা হয়। বিজিবির টহল দল একটি মোটরসাইকেলসহ ওই সোনা জব্দ করে। এ সময় মোটরসাইকেলের চালক মামুনুর রশিদকে আটক করা হয়। ওই মোটরসাইকেলের টুলবক্সে স্কচটেপে মোড়ানো কাগজের প্যাকেটে ১০০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার ছিল।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম বলেন, সোনার চালানসহ একজনকে আটক করা হয়েছে।