পাঁচবিবিতে কিশোরের লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁসরা গোবিন্দপুর গ্রামে নাজু হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে বাড়ির অদূরে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত কিশোর নাজু হোসেনের বাবা মাসুম আলী বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন।
পাঁচবিবি থানার পুলিশ ও নিহত নাজুর পরিবার সূত্রে জানা গেছে, দিনমজুর হিসেবে কাজ করত নাজু। মোবাইল ফোনে কল পেয়ে বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। গতকাল সকালের দিকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, নাজুর দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
ওসি বলেন, ঘটনার সূত্র পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পারবেন বলে আশা করছেন তিনি।