পাঁচবিবিতে ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা, শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে বুধবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া নাশকতার অভিযোগে সাতক্ষীরায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ট্রাকে পেট্রলবোমা: পাঁচবিবি থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ১১টার দিকে রডবোঝাই একটি ট্রাক পাঁচবিবি-নিশ্চিন্তা সড়কের ভাড়াহুত নামক স্থানে পৌঁছায়। চালক রাস্তার ওপর ৮-১০টি কাঁটাবোমা (লেদ মেশিনে লোহার তৈরি ত্রিশূল আকৃতি) দেখে ট্রাক থামান। এ সময় দুর্বৃত্তরা ট্রাকের ইঞ্জিনে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। চালক দ্রুত ট্রাক থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান। কিন্তু চালকের পাশে থাকা ট্রাকের শ্রমিক শহিদুল ইসলাম (৪০) দগ্ধ হন। তাঁকে রাতেই জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
দগ্ধ শহীদুল ইসলাম জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গ্রেনেড উদ্ধার: পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার কাঁঠালতলী এলাকায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় সেখানে দুটি ‘গ্যাস গ্রেনেড’ পাওয়া যায়। পরে থানায় এনে পানিতে রেখে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
গ্রেপ্তার ৪৪: নাশকতার অভিযোগে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয় কর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলকার প্রতিনিধিরা}