পাঁচবিবিতে দুই শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই দুই শিশুকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার পুলিশ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫৫) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার এক শিশুর বাবা বাদী
হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।

পাঁচবিবি থানার পুলিশ ও শিশু দুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই ব্যক্তি শিশু দুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়। তাদের একজনের বয়স ৭ ও আরেকজনের বয়স ৯ বছর। তাদের বেলা সাড়ে ৩টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ হোসেন বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ওই দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অভিভাবকদের কাছে ঘটনার কথা শুনে তাদের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক তাদের পরীক্ষা করবেন। নাম প্রকাশ না করার শর্তে শিশু ওয়ার্ডের এক সেবিকা বলেন, শিশু দুটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। গাইনি চিকিৎসক আরও পরীক্ষা করবেন।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।