পাঁচবিবিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই শিবির নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রশিবিরের দুই নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী (২৮), সেক্রেটারি ওমর আলী (২২) ও আল-আমিন (২৮)।
এ ছাড়া বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পাঁচবিবি জামায়াতের সেক্রেটারি সুজাউল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
আহত ব্যক্তিদের প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের শল্যচিকিৎসক জাফর ইমাম বলেন, তিনজনেরই ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। এঁদের মধ্যে আবুজার গিফারী ও ওমর আলীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, জয়পুরহাট র্যা ব-৫-এর একটি দল গত বুধবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার কদমতলী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের দুই নেতাকে দুটি বিদেশি রিভলবার, ২১টি ককটেল, ছয়টি দেশি বোমাসহ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট র্যা বের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে পাঁচবিবি থানায় মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁরা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নাশকতার পরিকল্পনার কথা জানান। পুলিশ তাঁদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত চারটার দিকে পাঁচবিবির আওলাই ইউনিয়নে জাতাইর গ্রামের মাঠের বাগানের কাছে পৌঁছালে বাগানের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। নাশকতাকারীদের গুলিতে শিবিরের দুই নেতা গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ও সুজাউল ইসলামকে গ্রেপ্তার করে। সেখান থেকে একটি শাটারগান ও চারটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ আল-আমিনের স্ত্রী বর্ষা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে গত বৃহস্পতিবার সকালে পাঁচবিবির আওলাই গ্রামে তাঁর মামাতো বোনের বিয়েবাড়ি থেকে পাঁচবিবি পুলিশ গ্রেপ্তার করে।
জয়পুরহাট জেলা জামায়াতের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সুজাউল ইসলাম পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি। আল-আমিন জামায়াত-শিবিরের কেউ নন।
গুলিবিদ্ধ আবুজার গিফারীর বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে। তবে তিনি জয়পুরহাট সদর উপজেলার তুলাট গ্রামের বাসিন্দা। ওমর আলীর বাড়ি সদর উপজেলার তেঘর বিশা গ্রামে। আল-আমিনের বাড়ি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বেচখণ্ড গ্রামে।
সুজাউল ইসলামকে অস্ত্র আইনে ও পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে: অভিযোগ জামায়াতের: নিজস্ব প্রতিবেদক জানান, জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বৃহস্পতিবার জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুযর গিফারী, সেক্রেটারি ওমর আলীসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। কিন্তু সৌভাগ্যক্রমে তাঁরা গুরুতর আহত হয়ে এখনো বেঁচে আছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এ অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন, ৮ ডিসেম্বর উত্তরার আবদুল্লাহপুর থেকে আবুযর ও ওমর আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নয় দিন লুকিয়ে রেখে বুধবার তাঁদের হাতে অস্ত্র দিয়ে গ্রেপ্তারের নাটক সাজায়।
বিবৃতিতে ওই ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।