পাঁচবিবিতে ফেসবুকে আপত্তিকর পোস্ট নিয়ে উত্তেজনা, একজন গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে আপত্তিকর একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে প্রশাসনের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সুজন কুমার মহন্ত (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ব্যবহৃত সিমসহ মুঠোফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেছে।
সুজনের বাবা তারাপদ মহন্ত, মা আশা রানী মহন্ত ও স্ত্রী ববি রানী মহন্ত গতকাল জানান, সুজন পানের দোকান করে জীবিকা নির্বাহ করেন। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। কোথা থেকে কীভাবে এ ঘটনা ঘটল, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁরা মনে করেন, সুজন চক্রান্তের শিকার। ঘটনার পর থেকে তাঁদের পুরো পরিবার আতঙ্কে রয়েছে। তবে প্রতিবেশীরা তাঁদের পাশে আছেন।
প্রতিবেশী সামছুদ্দিন বলেন, সুজনরা গরিব মানুষ। বিষয়টি কোথা থেকে কীভাবে ঘটল, তিনি বলতে পারছেন না। রাতে পুলিশ আসার পর তিনি বিষয়টি জেনেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন দাবি করেছেন, তাঁর নামে ফেসবুক আইডি থাকলেও তিনি ওই ছবি পোস্ট করেননি। ফেসবুক সম্পর্কে তাঁর ধারণা না থাকলেও তাঁর এক বন্ধু তাঁর নামে ফেসবুক আইডি খুলে দিয়েছেন। তিনি আরও জানান, ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত দেওয়া ওই ছবি সুজন নিজে পোস্ট করেছে, নাকি অন্য কেউ পোস্ট করেছে, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সুজন মহন্তকে গতকাল আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।