পাঁচবিবিতে ফেসবুকে আপত্তিকর পোস্ট নিয়ে উত্তেজনা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে আপত্তিকর একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে প্রশাসনের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সুজন কুমার মহন্ত (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছে।
সুজনের বাবা তারাপদ মহন্ত, মা আশা রানী মহন্ত ও স্ত্রী ববি রানী মহন্ত গতকাল জানান, সুজন পানের দোকান করে জীবিকা নির্বাহ করেন। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। কোথা থেকে কীভাবে এ ঘটনা ঘটল, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁরা মনে করেন, সুজন চক্রান্তের শিকার। তাঁদের পরিবার আতঙ্কে রয়েছে। তবে প্রতিবেশীরা তাঁদের পাশে আছেন।
প্রতিবেশী সামছুদ্দিন বলেন, সুজনরা গরিব মানুষ। বিষয়টি কোথা থেকে কীভাবে ঘটল, তিনি বলতে পারছেন না। রাতে পুলিশ আসার পর তিনি বিষয়টি জেনেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন দাবি করেছেন, তাঁর নামে ফেসবুক আইডি থাকলেও তিনি ওই ছবি পোস্ট করেননি। ফেসবুক সম্পর্কে তাঁর ধারণা না থাকলেও তাঁর এক বন্ধু তাঁর নামে ফেসবুক আইডি খুলে দিয়েছেন। তিনি আরও জানান, ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত দেওয়া ওই ছবি সুজন নিজে পোস্ট করেছে, নাকি অন্য কেউ পোস্ট করেছে, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সুজন মহন্তকে গতকাল আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি গত বুধবার রাত সাড়ে আটটার দিকে জানাজানি হলে ওই এলাকায় একটি মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজনকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে মিছিলকারীদের শান্ত করে। রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি থানার পুলিশ বাজার এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থাকা সিমসহ মুঠোফোনও জব্দ করা হয়।
খবর পেয়ে গত বুধবার রাত ১২টার দিকে সুজনের বাড়ির পাশে বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক একটি সভা করা হয়। সভায় বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর উদ্দিন আল ফারুক, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান, স্থানীয় বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব চৌধুরী এবং স্থানীয় মসজিদের ইমাম। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়। ওই সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ২০ সদস্যের একটি সম্প্রীতি রক্ষা মনিটরিং কমিটি গঠন করা হয়। এর আহ্বায়ক করা হয় ওই এলাকার প্রবীণ রাজনৈতিক নেতা ও জয়পুরহাট জেলা পরিষদের সদস্য আবদুল কাদের ব্যাপারীকে। ঘটনার পর ওই পাড়ায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি পাহারা বসানো হয়েছে।