পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হাসপাতালে ভর্তি
জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের পাঁচবিবির শিমুলতলী নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতাবস্থায় তাঁকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পাঁচবিবি থানার পুলিশের দাবি, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের শিমুলতলী নামক স্থানে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে নৈশকোচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার পুলিশের একটি দল শিমুলতলী এলাকায় পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের সদস্য সানোয়ার হোসেন (৫০) গুলিবিদ্ধ হন। তবে তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন। সানোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মেছের আলীর ছেলে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ হোসেন বলেন, ডান হাঁটুতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় সানোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে বগুড়ায় পাঠানো হয়।
জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বলেন, সানোয়ারের বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই, নাশকতাসহ ১৪টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তিনি জয়পুরহাট আন্তজেলা ডাকাত দলের সর্দার। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে হাঁসুয়া, রামদা, পশু কুড়াল, রড উদ্ধার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রেজা বাদী হয়ে মামলা করেছেন।
এ ঘটনায় সানোয়ারের পরিবারের লোকজনের সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য চেষ্টা করা হলে তাঁরা কথা বলতে রাজি হননি।