পাঁচবিবিতে স্ত্রীকে নির্যাতন, শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রী নির্যাতনের মামলায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল ইসলামকে (৪৬) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুলের স্ত্রী রাজিয়া সুলতানা স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে গতকাল সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গতকাল সকালে রাশেদুলকে পৌর এলাকার বালিঘাটা ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গতকালই আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাশেদুল বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে রাজিয়াকে চাপ দিচ্ছিলেন। গত বুধবার সন্ধ্যার দিকে ২ লাখ টাকা যৌতুক দাবি করে তাঁর বাবার বাড়ি থেকে নিয়ে আসতে বলেন। রাজিয়া দাবিকৃত যৌতুকের টাকা দিতে না চাইলে তাঁকে শারীরিক নির্যাতন করেন রাশেদুল। মামলায় আরও বলা হয়, রাশেদুল পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।
রাশেদুলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বাকা গ্রামে। রাজিয়ার বাড়িও ওই গ্রামে। তাঁদের ১৪-১৫ বছর আগে বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামলার পরপরই রাশেদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।