পাংশায় আদিবাসী মা ও মেয়ে ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নে আদিবাসী এক বিধবা নারী ও তাঁর মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত শনিবার সাফিন শেখ (২৫) নামের এক ব্যক্তিকে প্রধান করে চারজনের নামে মামলা হয়েছে।
সাফিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহবার হোসেনের ছোট ভাই। এ অবস্থায় মামলা তুলে নিতে ওই আদিবাসী পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, সরিষা ইউনিয়নের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ওই নারী পেশায় দিনমজুর। প্রায় দুই সপ্তাহ আগে তাঁর একমাত্র মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসেন। ৬ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে সাফিন শেখ, অলি সরদার (২৮), সাদ্দাম (২২) ও জিয়ারুল এবং অজ্ঞাতনামা চার-পাঁচজন বাড়িতে এসে ডাকাডাকি করেন। ওই নারী বাইরে বের হলে মুখে কাপড় পেঁচিয়ে তাঁকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাঁরা তাঁর মেয়েকেও ধরে সেখানে নিয়ে যান। এ সময় সাফিন ও অলি তাঁদের ধর্ষণ করেন। প্রায় দুই ঘণ্টা পর মা-মেয়ে বাড়িতে ফিরে আসেন। এর ঘণ্টা খানেক পর আবারও সাফিন ও অলি বাড়িতে আসেন। এ সময় গৃহবধূকে ঘরের বাইরে আটকে রেখে তাঁর মেয়েকে প্রথমে সাফিন ও পরে অলি ধর্ষণ করেন।
ওই নারীর মা বলেন, মামলা তুলে না নিলে বাড়িতে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সরিষা ইউপির সদস্য সোহবার হোসেন বলেন, ‘আমার ভাই ধর্ষণের সঙ্গে যুক্ত নয়।’