পাংশায় একজনকে পিটিয়ে হত্যা
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুর্বৃত্তদের মারধরে আহত এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গতকাল বুধবার মারা গেছেন। কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গী গ্রামে গত মঙ্গলবার তাঁকে মারধর করা হয়।
নিহত পুলিশ সদস্যের নাম প্রীতিশ কুমার সরকার ওরফে পরশ (৫১)। প্রীতিশ পাংশা থানায় মামলা লেখার (রাইটার) কাজ করতেন। এর আগে তিনি কনস্টেবল ছিলেন। একই ঘটনায় মাসুদ মণ্ডল নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কথা আছে বলে প্রীতিশকে কয়েকজন ডেকে নিয়ে যায়। প্রায় একই সময়ে মাসুদকেও তারা ডেকে নিয়ে আসে। দুর্বৃত্তরা তাঁদের পিটিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাঁদের রাত একটার দিকে বাসার দেড় কিলোমিটার দূর থেকে উদ্ধার করেন। পরে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোর চারটার দিকে প্রীতিশ মারা যান।