পাংশায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন। মামলায় পাংশার পাট্টা ইউনিয়নের রতনকে আসামি করা হয়েছে।
মেয়েটির বাবা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে নিজের মুদি দোকানে বসে কয়েক ব্যক্তির সঙ্গে গল্প করছিলেন। এ সময় মেয়ে তাঁকে ডাকতে আসে। তিনি মেয়েকে বাড়িতে গিয়ে পড়ালেখা করতে বলে দোকানে গল্প করতে থাকেন। মেয়েটি বাড়ি ফেরার সময় রতন তাকে ধরে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি (মেয়েটির বাবা) বাড়িতে ফিরে দেখেন, মেয়ে নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে সিরাজপুর হাওরের তীরে রবিউল ইসলামের বাগানে মেয়ের গোঙানির শব্দ শুনতে পান। এ সময় রতন দৌড়ে পালিয়ে যায়। রাতেই মেয়েকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে গতকাল শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রতন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।