পাংশায় বন্ধুর পিটুনিতে আহত কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় বন্ধুর লাঠির আঘাতে আহত এক কিশোর গত বৃহস্পতিবার মারা গেছে। তার নাম মিজু শেখ (১৪)।
মিজু উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর গ্রামের মাঠপাড়া এলাকার মৃত আবু মুসা শেখের ছেলে।
ওই কিশোরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজুর মা-বাবা কেউ বেঁচে না থাকায় বড় বোন মর্জিনার বাড়িতে সে থাকত। প্রায় ১৫ দিন আগে মিজুর বন্ধু ও প্রতিবেশী জয়নাল হাজারী (২০) মিজুকে শারীরিকভাবে নির্যাতন করেন।
এতে সে পুরুষাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। কিন্তু আর্থিক অসংগতির কারণে বাড়িতে রেখে স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছিল।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সে মারা যায়।
নিহত কিশোরের বড় বোন মর্জিনা খাতুন বলেন, ‘আমার এতিম ভাইকে নির্মমভাবে নির্যাতনকারী জয়নালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো বোনকে এভাবে কাঁদতে না হয়।’
মাছপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান জানান, এ ব্যাপারে মিজুর ভগ্নীপতি বাদী হয়ে জয়নালের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।