পাংশায় হামলায় ভাইস চেয়ারম্যান গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেন (৬৫) গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নাদের হোসেন একজন মুক্তিযোদ্ধা এবং রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের বাসিন্দা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস জানান, নাদের হোসেনের বুকের বাঁ পাঁজরে ও ঠোঁটের বাঁ দিকে ছররা গুলি লেগেছে। এসব গুলি অপসারণে অস্ত্রোপচার করতে হবে।
আহত ভাইস চেয়ারম্যানের ছেলে মোস্তফা মাহমুদ বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেলচালকের পেছনে চড়ে তাঁর বাবা (নাদের হোসেন) উপজেলা সদরে যাচ্ছিলেন। হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজারের অদূরে সন্ত্রাসীরা পেছন থেকে গুলিবর্ষণ করলে তিনি পড়ে যান। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোস্তফা মাহমুদ আরও বলেন, ‘আমার বাবা এলাকায় অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোয় সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা এ হামলার ঘটনা ঘটিয়েছে।’
মোটরসাইকেলচালক কাসেম সর্দার বলেন, কাচারীপাড়া বাজারের কাছাকাছি যেতেই কাচারীপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মতি মিয়ার ছেলে মঞ্জু মিয়া থামার জন্য ইঙ্গিত করেন। মোটরসাইকেলের গতি কমালে সন্ত্রাসীরা পেছন থেকে গুলি ছোড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, অভ্যন্তরীণ দলীয় কোন্দলে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঞ্জু পলাতক রয়েছেন।