পাংশায় আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের চরআফড়া গ্রামে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল আলীম মণ্ডল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আল মামুন খানের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ইউনিয়নের স্থানীয় চরআফড়া গ্রামে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল মামুন খান। পরে ওই গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল আলীমও কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালাতে যান। একপর্যায়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের আবদুল আলীমের কর্মী-সমর্থকেরা ধাওয়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
এ ঘটনায় আহত উপজেলা মুক্তিযোদ্ধা দপ্তর কমান্ডার আবদুল কুদ্দুস অভিযোগ করেন, তাঁরা আবদুল আলীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় যান। সেখানে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল মামুন খান বলেন, ‘দুপুরে কর্মী-সমর্থক নিয়ে চরআফড়া গ্রামে ভোট চাইছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেন। বাধা পেয়ে আমার লোকজন নিজ এলাকায় চলে আসেন। পরে প্রতিপক্ষ প্রার্থী তাঁর কর্মী-সমর্থক নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালান। এতে আমার তিনজন কর্মী আহত হন। এ সময় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।’
এ ব্যাপারে জানতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াতকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।