পাংশায় এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে গত সোমবার অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম সালাম প্রামাণিক (৪২)। তিনি একই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পদ্মা নদীর পারে বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়ন অবস্থিত। গত সোমবার সন্ধ্যায় নদীপথে সালাম প্রামাণিক চর আফড়া গ্রামে যান। সেখানে তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে অস্ত্র দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাঁকে উদ্ধার করে থানায় নেয়।
সালাম প্রামাণিকের স্ত্রী সালমা বেগম বলেন, স্থানীয় সালেক নামের এক ব্যক্তি মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে সালামকে মারধর করেন। পরে অস্ত্র দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও সালামের প্রতিবেশী মিজানুর রহমান বলেন, সালাম আগে নদীতে নৌকা চালাতেন। পরে তাঁকে একটি হত্যা মামলার আসামি করা হয়। জেল থেকে বের হয়ে মাছ শিকার করে সংসার চালাচ্ছিলেন। মাছ শিকার করা নিয়ে ঝামেলায় তাঁকে ফাঁসানো হয়ে থাকতে পারে।
বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, সালাম নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের কোনো অভিযোগ তাঁর বিরুদ্ধে নেই। তাঁকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, সালাম প্রামাণিক একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। তবে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।