পাংশায় গ্রাহকদের টাকা নিয়ে সমিতি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় শতাধিক গ্রাহকের অন্তত ৩০ লাখ টাকা নিয়ে একটি সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১০ দিন ধরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলছে।

এ প্রতিষ্ঠানের নাম আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। পাংশা পৌরসভার অনূপ দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় এর কার্যালয় রয়েছে।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক বলেন, রাজবাড়ী জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে চুয়াডাঙ্গার বাসিন্দা মশিউর রহমান এ সমিতির কার্যক্রম শুরু করেন। সমিতির ব্যবস্থাপক ছিলেন তিনি নিজেই। এ ছাড়া তাঁর স্ত্রী কোষাধ্যক্ষ, ছোট ভাই অফিস সহকারী ও কুষ্টিয়ার দৌলতপুরের আজগর হোসেন মাঠকর্মী হিসেবে কাজ করছিলেন। সমিতির নিয়ম হলো, প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ জমা দিতে হবে। ৪ বছর পর গ্রাহককে জমা হওয়া টাকার প্রায় দ্বিগুণ দেওয়া হবে। এতে আকৃষ্ট হয়ে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের লোকজনও টাকা জমা দিতে শুরু করেন। কেউ কেউ এককালীন টাকাও রাখেন।

পাংশা শহরের স্টেশন বাজার এলাকার ফল ব্যবসায়ী কাওছার আলী মিয়া গতকাল বুধবার বলেন, দেড় বছর ধরে তিনি প্রতিদিন এ সমিতিতে ১৫০ টাকা হারে জমা দিয়ে আসছেন। এই দেড় বছরে তাঁর প্রায় ১ লাখ ১০ হাজার টাকা জমেছে। প্রতিদিন সমিতির লোকজন এসে টাকা নিয়ে যায়। কিন্তু গত এক সপ্তাহ কেউ আসছে না। বিষয়টির খোঁজ নিতে গত সোমবার গিয়ে তিনি দেখতে পান, সমিতির কার্যালয়ে তালা মারা। পরে তিনি জানতে পারেন, ২০ ফেব্রুয়ারির পর থেকে ওই কার্যালয়ে তালা মারা রয়েছে।

স্থানীয় লোকজন বলেন, পাংশা শহরেরই প্রায় ১০০ জন এ সমিতির গ্রাহক। আশপাশের এলাকায় আরও অনেকে সদস্য রয়েছেন, যাঁরা প্রতিদিন টাকা জমা রাখতেন। সব মিলিয়ে অন্তত ৩০ লাখ টাকার বেশি নিয়ে সমিতির লোকজন উধাও হয়েছেন।

আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমানের মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এস এম কামরুন্নাহার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি মঙ্গলবার তিনি জানতে পেরেছেন। তিনিও ওই সমিতির কর্মকর্তার দেওয়া মুঠোফোন নম্বরটি বন্ধ পাচ্ছেন। গ্রাহকদের অভিযোগের বিষয়টি তিনি জেলা সমবায় কর্মকর্তাকে অবগত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।