পাংশায় চাঁদা না পেয়ে কৃষককে মারধর, গুলি
রাজবাড়ীর পাংশা উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে এক কৃষকে মারধর ও গুলি করা হয়েছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবারের সদস্যরা।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম সিয়াম উদ্দিন মণ্ডল (৫৫)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে কিয়াম উদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় কৃষক সিয়াম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিয়াম উদ্দিনের ছেলে মন্টু মণ্ডল বলেন, কিছুদিন ধরে দুর্বৃত্তরা মুঠোফোনে তাঁর বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাত এক ব্যক্তি বাইরে থেকে সিয়ামকে ডাকে। দরজা খুলে বের হওয়া মাত্রা তাঁকে মারধর শুরু করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে তাঁর পায়ে গুলি করা হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সিয়ামকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সিদ্ধার্থ শংকর বিশ্বাস বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিয়ামকে এখানে নিয়ে আসা হয়। তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি বিদ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই সিয়ামকে ফরিদপুরে পাঠান তাঁরা।
পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।