পাংশায় ছুরিকাহত যুবকের মৃত্যু
রাজবাড়ীর পাংশায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবদুর রহিম মোল্লার (৩০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মো. শরিফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবদুর রহিম কুয়েতপ্রবাসী এবং পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান মোল্লার ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রায় ছয় মাস আগে তিনি দেশে ফেরেন।
এ ঘটনায় গতকাল বিকেলে রহিমের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে সাদ্দাম হোসেনকে (২৭) প্রধান আসামি করে হত্যা মামলা করেন। সাদ্দাম পাংশা পৌরসভায় তাঁর মামার বাড়িতে থাকেন। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। সাদ্দামের সহযোগী শরিফের বাড়ি পৌরসভার নারায়ণপুর গ্রামের কুড়াপাড়ায়।
রহিমের বোন সুমি আক্তার (২৪) বলেন, সাদ্দামের কাছে টাকা পেতেন রহিম। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। গত শনিবার টাকা ফেরত দেওয়ার কথা বলে পাংশা সরকারি কলেজ এলাকায় রহিমকে ডেকে নেন সাদ্দাম। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে রহিমের পেট ও ঊরুতে আঘাত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিম মারা যান।