পাংশায় ছয়জনকে মারধর ২০টি বসতবাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় কসবামাজাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জের ধরে কেওয়াগ্রামে ছয়জনকে মারধর করা হয়েছে। গত বুধবার এ ঘটনার সময় ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আহত ব্যক্তিদের মধ্যে নাছির মণ্ডল, শাজাহান বিশ্বাস, অচিন্ত্য কুমার বিশ্বাস ও কালাম মণ্ডলকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মালেকা বেগম ও রেশমা বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি কেওয়াগ্রামে।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউসুব শেখ বলেন, হামলাকারীরা তাঁর বসতঘরের টিনের বেড়া, বিদ্যুতের মিটার, আসবাব ভাঙচুর করে। ঘটনাস্থলে এসআই হাফিজ উপস্থিত থাকলেও তিনি ব্যবস্থা নেননি।

মোফাজ্জেল হোসেন নামের একজন বলেন, ‘বাড়ি ভাঙচুর করার সময় তাঁর স্ত্রী ও পুত্রবধূ হামলাকারীদের কাছে অনুনয়-বিনয় করেন। এরপরও তাঁদের মারধর করা হয়।’

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে বেড়ার টিন কুপিয়ে কেটে ফেলা হয়েছে। দোকান ও বাড়ির বেড়ায় লাগানো বিদ্যুতের মিটার ভেঙে ফেলা হয়েছে। মিটারগুলো ঝুলে আছে। এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য টহল দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে জজ আলী বিশ্বাসকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। পরে কামরুজ্জামান খানকে দলটির প্রার্থী করা হয়। এ কারণে জজ আলী বিশ্বাস স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন। ভোটে কামরুজ্জামান জয়ী হন। জজ আলীর দলীয় মনোনয়ন বাতিল হওয়ার পর থেকেই উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে আসছে। গত তিন দিন আগে আনিস নামে চেয়ারম্যানের এক সমর্থককে খুলুমবাড়ি ঘাট পার হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন মারধর করে। সন্ধ্যায় আনিসের পক্ষের লোকজন প্রতিপক্ষের দুজনকে মারধর করে। পরে উভয় পক্ষের লোকজন সংঘটিত হতে থাকে। বুধবার সন্ধ্যায় জজ আলীর পক্ষে ঝিনাইদহের শৈলকুপা থেকে কয়েক শ মানুষ জড়ো হয়। তারা ২০টি বসতবাড়িতে ভাঙচুর চালায়। হামলাকারীরা অন্তত ছয়জনকে মারধর করে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান বলেন, নির্বাচনের পর থেকেই বিদ্রোহী প্রার্থীর লোকজন নৌকার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। বুধবারের হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে।

জজ আলী বিশ্বাস বলেন, ‘উভয় পক্ষের লোকজনই বাড়িঘর ভাঙচুর করেছে। ওসি সাহেব উভয় পক্ষকে ডেকেছেন। বৈঠকে সমাধান না হলে মামলা করব।’

এসআই হাফিজুর রহমান বলেন, ‘হামলাকারীরা সংখ্যায় ছিল কয়েক শ। পুলিশ সদস্য ছিলেন চারজন। এ কারণে আমার কিছু করার ছিল না।’

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষের লোকজনকে ডেকেছি। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।