পাংশায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মাজাইল ইউনিয়নে গতকাল রোববার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত চারটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এক তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত নির্বাচনে মাজাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়ী হন কামরুজ্জামান খান। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দলের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জজ আলী বিশ্বাস। নির্বাচনের পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত শুক্রবার ইউনিয়নের নটাভাঙ্গা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল সকালে জজ আলীর লোকজন নটাভাঙ্গা গ্রামে আলামীন নামের এক কিশোরকে মারধর করে। আলামীনের বাড়ি ডেমরামারা গ্রামে। ওই গ্রামেই চেয়ারম্যান কামরুজ্জামান খানের বাড়ি। এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে শতাধিক মানুষ রামদা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে শান্তিখোলা গ্রামে হামলা চালায়। ওই গ্রামে জজ আলীর বাড়ি। গ্রামের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় জজ আলীর ভাতিজা ইলিয়াস বিশ্বাস গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে পার্শ্ববর্তী দিগলহাটা গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনা ঘটে। সেখানে পল্লব দত্তের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পঙ্কজ সরকার, বিপ্লব সরকার, মহাদেব দত্ত ও বাবলু মুনশির বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
জজ আলী অভিযোগ করেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যানের লোকজন বাড়িতে হামলা করেছিল। তবে গ্রামবাসী তাদের প্রতিরোধ করেছে। এ সময় তাদের ছোড়া শটগানের গুলিতে তাঁর ভাতিজা আহত হয়েছেন। পরে তারা পাশের গ্রামে সমর্থকদের বাড়ি-ঘরে লুটপাট করেছে।
এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান বলেন, ‘জজ আলী বিশ্বাসের লোকজনই প্রথমে হামলা করেছে। গুরুতর আহত অবস্থায় একজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে জজ আলীর বাড়িতে গিয়েছিল। এর সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নেই।’
পাংশার ওসি এস এম শাহজালাল বলেন, পুলিশ পাঁচটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে।