পাংশায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় আজ শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লালন হালদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চরমপন্থার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশের ভাষ্য, লালন নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) জুলহাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
লালনের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার গোবিন্দপুর গ্রামে।

পাংশা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল করিমের তথ্য হচ্ছে, গোপন তথ্যের ভিত্তিতে পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় আজ ভোর রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে লালন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এএসপি বলেন, লালনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে।