পাংশায় বাড়িতে ঢুকে দুজনকে মারধর 'রেতো বাহিনী'র
রাজবাড়ীর পাংশা উপজেলায় গত শুক্রবার রাতে চাচা ও ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ‘রেতো বাহিনী’ পরিচয়ে দাবি করা চাঁদা না দেওয়ায় তাঁদের পেটানো হয় বলে অভিযোগ উঠেছে।
আহত দুজন হলেন সদর উদ্দিন (৬৫) ও তাঁর ভাতিজা আনোয়ার হোসেন (১৮)। তাঁদের বাড়ি উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামে। তাঁদের রাতেই পাংশা থানার পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সদর উদ্দিনের ছেলে আব্দুল কাদের গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ২০-২৫ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী অতর্কিত তাঁদের বাড়িতে প্রবেশ করে। তারা তাঁর বাবা সদর উদ্দিনকে ঘর থেকে টেনে বের করে উঠানে ফেলে মারপিট করে। তাঁর চিৎকারে এগিয়ে এলে ভাতিজা আনোয়ারকেও বেদম মারধর করা হয়। ওই সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তবে তারা লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে দুজনের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম হয়।
আব্দুল কাদের আরও বলেন, কয়েক মাস আগে সন্ত্রাসীরা ‘রেতো বাহিনী’ পরিচয় দিয়ে মুঠোফোনে সদর উদ্দিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সর্বশেষ গত ১৫ দিন আগে তারা দ্বিতীয় দফায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। শুক্রবার রাতে বাড়িতে প্রবেশ করে তারা সেই টাকা চায়। না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা মারধর করে চলে যায়। তার আগে তারা একটি ফাঁকা গুলি ছোড়ে এবং দ্রুত দাবিকৃত চাঁদা পরিশোধ করতে হুমকি দিয়ে যায়। এ জন্য তারা একটি মুঠোফোন নম্বরও দিয়ে গেছে।
খবর পেয়ে রাতেই পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।