পাংশায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল বুধবার বিকেলে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুশান্ত কুমার মজুমদার। তিনি পাংশার ডক্টরস ল্যাবে কর্মরত। বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার বড়বাড়ি বগুড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুশান্ত মানবিক শাখায় এসএসসি পাস করে ঝিনাইদহে একটি ওষুধের দোকানে কাজ করেন। এরপর যোগ দেন একটি ডায়াগনস্টিক সেন্টারে। পরে সেটি বন্ধ হয়ে যায়। প্রায় বছরখানেক আগে তিনি টেকনিশিয়ান হিসেবে পাংশা শহরের ডক্টরস ল্যাবে যোগ দেন। সেখানে চিকিৎসকেরা অস্থায়ীভাবে রোগী দেখেন। কিন্তু কয়েক মাস ধরে সেখানে চিকিৎসকেরা কম আসেন। এই সুযোগে সুশান্ত নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তিনি রোগীদের পরামর্শপত্র দেন। সম্প্রতি ফিরোজ হোসেন (৩০) নামের এক ব্যক্তি ঢাকায় অস্ত্রোপচার করান। পরে বাড়ি ফিরে তিনি ডক্টরস ল্যাবে যান। সেখানে সুশান্ত রক্ত ও হরমোন পরীক্ষা এবং এক্স-রে করিয়ে বলেন, ফিরোজ ক্যানসারে আক্রান্ত। তাঁকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন। প্রতিটি কেমোথেরাপির জন্য ১২ হাজার টাকা চাইলেও পরে ৮ হাজার টাকা করে দেওয়ার মৌখিক চুক্তি হয়। কেমোথেরাপি ও পরীক্ষা বাবদ তিনি ১৮ হাজার টাকা নেন। টাকা আনতে মাঝেমধ্যেই ফিরোজের বাড়ি যাওয়া শুরু করেন। তা ছাড়া তিনি সাদা কাগজে পরামর্শপত্র (প্রেসক্রিপশন) দেন। এতে ফিরোজের স্বজনদের সন্দেহ হয়। গতকাল সকালে তাঁরা সহকারী পুলিশ সুপারকে (পাংশা সার্কেল) বিষয়টি অবহিত করেন।
ফিরোজের এক স্বজন বলেন, পরে তাঁরা জানতে পারেন, সুশান্ত ওই ক্লিনিকে নিয়ে কেমোথেরাপির নামে ফিরোজকে দুবার সাপোজিটর দেন। আর এ জন্য তিনি ১৮ হাজার টাকা হাতিয়ে নেন।
গতকাল রাতে মুঠোফোনে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার ফজলুল করিম বলেন, সুশান্ত জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সব স্বীকার করেন। তাঁর বিরুদ্ধে পাংশা থানায় মামলা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন রহিম বক্স বলেন, কারও ক্যানসার হলে সাধারণ এমবিবিএস পাস করা কোনো চিকিৎসক পরামর্শপত্র দিতে পারেন না। শুধু বিশেষজ্ঞ চিকিৎসকেরাই পরামর্শপত্র দেন। আর চিকিৎসক না হয়েই পরামর্শপত্র দেওয়ার এ ঘটনা তো ভয়ংকর। এ ঘটনায় সুশান্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।