পাংশায় যুবলীগের নেতাকে গুলি করে ও পিটিয়ে আহত
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গুলি করে ও পিটিয়ে আহত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরোধিতার জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
আহত ব্যক্তির নাম আলী জামান (৪২)। তাঁর বাড়ি বহলাডাঙ্গা গ্রামে। মঙ্গলবার রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিদ্ধার্থ শংকর বিশ্বাস গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তির হাতে গুলি লেগেছে।তাঁরমাথায় জখমের চিহ্ন রয়েছে। রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, গত বছরের ৭ মে সরিষা ইউপিতে নির্বাচন হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস দলীয় মনোনয়ন পান। নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহান ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নেন। ভোটে আজমল আল বাহার বিশ্বাস জয়ী হন। নির্বাচনের সময় থেকেই জয়ী ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। আলী জামান বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহারের পক্ষের লোক। তিনি জেল থেকে গত বছরের নভেম্বরে জামিনে মুক্তি পান। তাঁর পায়ে সমস্যা রয়েছে।
আহত আলী জামানের ছেলে রায়হান হোসাইন বলেন, বহলাডাঙ্গা বাজারের সানার মোড়ে তাঁদের মুদি দোকান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাবা বাজার থেকে মোটরসাইকেলের পেছনে চড়ে বাড়ি ফিরছিলেন। কিছুদূর আসার পর সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সোবহানের ছোট ভাই আসাদুজ্জামানের নেতৃত্বে ৮-১০ জন তাঁর গতিরোধ করে। এ সময় তাঁর বাবাকে গুলি করে এবং পিটিয়ে আহত করা হয়। এতে তাঁর বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। মোটরসাইকেলের অপর আরোহীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে এ অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান বলেন, ‘আমি পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আগে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। ঘটনার সময় জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শোক দিবসের কর্মসূচিতে ছিলাম। আলী জামান একজন সন্ত্রাসী। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাঁর ওপর হামলা ঘটে থাকতে পারে।’
ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বলেন, আলী জামানের বিরুদ্ধে আগে দুর্নাম ছিল। এখন তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন। বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আলী জামানের বিরুদ্ধে স্থানীয় চরমপন্থী অমল বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ২০১৫ সালের ২ অক্টোবর গোয়েন্দা পুলিশ একজন সহযোগীসহ আলী জামানকে আটক করে। এ সময় তাঁর দেওয়া তথ্য অনুসারে ছয়টি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পাংশা থানায় দুটি হত্যা, একটি ডাকাতি ও দুটি অস্ত্র মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে আছেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন গতকাল বলেন, ‘হামলার কথা শুনেছি। তবে দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’