পাংশায় হামলায় তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অভিযোগ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁদের মারধর করেছেন।
ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে গত শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তাঁরা হলেন বহলাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার তোফাজ্জেল হোসেন শেখ, তাঁর ছেলে সোহান শেখ ও প্রতিবেশী আরিফ খান।
স্বাস্থ্য কমপ্লেক্সে তোফাজ্জেল হোসেন শেখ বলেন, তিনি শনিবার রাত নয়টার দিকে তাঁর ছেলে সোহান ও প্রতিবেশী আরিফ খানের সঙ্গে বাড়ির পাশের রাস্তায় বসে গল্প করছিলেন। এ সময় ১৫-২০ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আরিফ খান অভিযোগ করেন, তাঁরা গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাবেক চেয়ারম্যান আবদুস সোবহানের পক্ষে কাজ করেছিলেন। নির্বাচনের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা করেছে। স্থানীয় কাজল নামের এক ব্যক্তি তাঁদের ওপর করা হামলায় নেতৃত্ব দেন। তিনি সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের সমর্থক বলে পরিচিত।
আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা বলেন, ২০১৬ সালের ইউপি নির্বাচনে আবদুস সোবহান ও আজমল আল বাহার প্রতিদ্বন্দ্বিতা করেন। আজমল আল বাহারকে দল সমর্থন দেওয়ায় সোবহান ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ওই নির্বাচনে আজমল জয়ী হন।
এ বিষয়ে আবদুস সোবহান অভিযোগ করেন, নির্বাচনের সময় থেকেই পরিকল্পিতভাবে তাঁর লোকজনকে মারধর করা হচ্ছে।
আজমল আল বাহার বলেন, নিজেদের মধ্যে গন্ডগোল করে তাঁর সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে।