পাংশায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রব (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বাঁশবাগানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত রব ডাকাত দলের সদস্য ছিলেন। ডাকাতির অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজবাড়ীর পাংশা থানায় একটি ও কালুখালী থানায় একটি এবং কুষ্টিয়ার কুমারখালী থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে একটি মামলাসহ মোট তিনটি মামলা আছে। রবের বাড়ি পাংশার ফলিমারা গ্রামে।

পাংশা থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েমের ভাষ্য, আবদুর রবকে তাঁর ফলিমারা গ্রামের বাড়ি থেকে পুলিশ গতকাল রাত পৌনে ১১টার দিকে আটক করে। রাত পৌনে একটার দিকে তাঁকে নিয়ে পাশের গ্রাম গোপালপুরে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় রবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে রব আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই আবু সায়েমের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন। অন্য দুজন হলেন পাংশা থানার এসআই হাফিজুর রহমান ও কনস্টেবল রফিকুল ইসলাম। তাঁরা তিনজনই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ, চারটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।