খুলনার পাইকগাছা থেকে গতকাল শুক্রবার দুপুরে শহিদুল ফকির (৩৫) নামের আরও এক ‘বনদস্যু’কে আটক করেছে পুলিশ। শহিদুল দাকোপ উপজেলার কামিনীবাসী গ্রামের আবদুল ফকিরের ছেলে। পুলিশ দাবি করেছে, এই যুবক ঈদের আগের দিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৩ ডাকাতের সঙ্গী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাজ আলী জানান, পুলিশি অভিযানের পর উপকূলের মানুষ ডাকাতদের খাবার ও আশ্রয় দেওয়া বন্ধ করে দেয়। এর পর থেকে তারা গ্রামে ফিরতে শুরু করে। গতকাল ভোরে শহিদুলও উপজেলার সোলাদানা ইউনিয়নের বেকেটমারী গ্রামে তাঁর শ্বশুর ফরিদ গাজীর বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শহিদুল সুন্দরবনসংলগ্ন এলাকা রাঙ্গেমারী চরে অস্ত্র উদ্ধারসংক্রান্ত ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
এদিকে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ ১০৫টি গুলি ছুড়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৬৪টি শটগানের গুলি, ২২টি রাইফেলের গুলি এবং ১৯টি পিস্তলের গুলি। তবে এসব গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো তদন্ত শুরু হয়নি। পুলিশ প্রবিধান অনুসারে প্রতিটি গুলিবর্ষণের ঘটনা তদন্তের বাধ্যবাধকতা আছে।
জানতে চাইলে খুলনা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বিভাগীয় তদন্তের জন্য দ্রুত আবেদন করা হবে।
খুলনার জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, ‘আইন অনুসারে এসব ঘটনা তদন্তের জন্য পুলিশ একটি আবেদন করে। এরপর তদন্ত শুরু হয়। তবে এখনো কোনো আবেদন আসেনি।
পাইকগাছার কলেজশিক্ষক প্রশান্ত কুমার ঢালীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ঈদের আগের দিন রোববার সকাল ও দুপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন। পুলিশ দাবি করেছে, নিহত ব্যক্তিরা সবাই বনদস্যু। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।