পাইকগাছার সেই বাবুলের হামলায় আহত নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর সেই বাবুল ইসলাম ওরফে বাবু গাইন ও তাঁর লোকজনের হামলায় আহত হয়েছেন নয়জন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার বিকেলে একটি ঘের দখলের সময় বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা চালানো হয়।
আহত ব্যক্তিরা হলেন গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের সবুর সানা (৪৫), তাঁর স্ত্রী আশা বেগম (৩৮), ইয়াসমিন বেগম (৩৫), হাকিম সানা (৪৮), নূর সাইদ সানা (৩০), লুৎফর রহমান সরদার (৫৫), আনিসুর রহমান সানা (৪৫), সাধু (৩০) ও আবিরন বিবি (৩৩)। এর মধ্যে ইয়াসমিন বেগম, হাকিম সানা ও সবুর সানার অবস্থা আশঙ্কাজনক।
ঘের দখল, চাঁদাবাজি, অপহরণ, কাঠ পাচারসহ বিভিন্ন অপরাধের মামলায় অভিযুক্ত এই বাবুল ইসলামকে নিয়ে ১২ নভেম্বর প্রথম আলোতে ‘এক বাবুলে সবাই কাবু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন সবুর সানা। হামলায় তাঁর দুই হাতের ও বুকের হাড় ভেঙে গেছে। পাশেই শরীরে ও পোশাকে রক্তের ছোপ ছোপ দাগ নিয়ে কান্নাকাটি করছেন ইয়াসমিন বেগম। তাঁর মাথায় দেওয়া হয়েছে অন্তত ১৫টি সেলাই। শরীরের বিভিন্ন অংশ ফোলা ও আঘাতের চিহ্ন। আরেক পাশে শুয়ে আছেন হাকিম সানা। তাঁরও মাথার দুটি স্থানে দেওয়া হয়েছে ১০টি সেলাই। তা ছাড়া অন্যদের শরীরেও রয়েছে কম-বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।
সবুর সানা বলেন, ‘রোববার বিকেল সাড়ে চারটার দিকে বাবুল গাইন শতাধিক লোক নিয়ে আমাদের ঘের দখল করে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঘেরে থাকা লুৎফার, জাবেদ ও আজগরকে তারা মারধর করে তাড়িয়ে দেয়। তারা এসে খবর দিলে ঘেরে যাওয়ার সময় আমাদের ওপর হামলা করা হয়। এ হামলায় বাবুল নিজেই নেতৃত্ব দেয়।’
আহত হাকিম সানার ভাই জাকির সানা বলেন, প্রায় ৩০ বছর ধরে বাসাখালী গ্রামের ৩৯৫ বিঘার একটি ঘেরে মাছ চাষ করে আসছেন তাঁরা। গত ২৮ মে বাবুল ও তাঁর লোকজন ঘেরটি দখল করে নেন। পরে র্যাবের হাতে বাবুল গ্রেপ্তার হওয়ার পর তাঁরা আবার ঘেরের দখল নেন। এরপর গত রোববার বাবুল লোকজন নিয়ে ঘেরটি আবার দখল করে নিয়েছেন। এতে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল গাইন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই ঘেরে আমিও ভাগীদার ছিলাম। কিন্তু র্যাব ধরে নিয়ে যাওয়ার পর তারা আমাকে কোনো টাকা দিত না। রোববারে আমার স্ত্রীসহ বাড়ির অন্যরা টাকা আনতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এরপর আমরা এগিয়ে গেলে দুই পক্ষে মারামারি হয়।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। রোববার ওই ঘেরের দখল নিয়ে মারামারি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাবুলের পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছেন।
প্রতিবাদ: ১২ নভেম্বর প্রথম আলোর শেষ পাতায় ‘এক বাবুলে সবাই কাবু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাবুল গাইনের ভাই কামরুল গাইন। রোববার প্রথম আলোর খুলনা কার্যালয়ে পাঠানো প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘প্রতিবেদনে বাবুল গাইন সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে এবং আমাকে তাঁর সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে।’ কাঠ পাচার, চাঁদাবাজি, নারী নির্যাতন ও ঘের দখলের অভিযোগে বাবুল গাইনের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সে বিষয়ে প্রতিবাদপত্রে বলা হয়, ‘তাঁকে (বাবুল) ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগে এসব মামলা করা হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য: বাবুল গাইনের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার কপি প্রথম আলোর কাছে আছে। এসব মামলায় তাঁর ভাই কামরুল গাইনের বিরুদ্ধেও অভিযোগ আছে। এ ছাড়া বাবুলের হামলা ও নির্যাতনের শিকার লোকজন এবং এলাকার জনপ্রতিনিধিদের বক্তব্য প্রকাশিত খবরে ছিল।