পাইকারদের তিরাশির ফাঁদে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হাটবাজারে ধান বিক্রি করতে এসে কৃষকেরা পাইকারদের তিরাশির ফাঁদে পড়ে ৮০ কেজির বদলে ৮৩ কেজি ধান দিতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া ফড়িয়া নিয়ন্ত্রিত বাজারে কৃষকদের ফড়িয়াদের নির্ধারিত দরেই ধান বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ২০ হাজার ৯৯৫ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু ১ লাখ ৩১ হাজার ৬০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৮৭ মেট্রিক টন।
গত রোববার রানীশংকৈল উপজেলার নেকমরদহাট ও মঙ্গলবার সদর উপজেলার খোঁচাবাড়িহাটে গিয়ে দেখা যায়, বাজারে প্রতি মণ ভালো মানের আমন ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭১০ টাকায়। সেসব ধান নির্ধারিত দরে কিনে নিচ্ছেন ফড়িয়ারা। ধান কেনার পর তাঁরা তা স্তূপ করে রাখছেন।
ধান বিক্রি করতে এসে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক রামনাথ বর্মণ বলেন, ‘স্থানীয় পাইকারেরা বাজারের বাইরের পাইকারদের ধান কিনতে দিচ্ছেন না। ফলে ফড়িয়াদের নির্ধারিত দরেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। ফড়িয়ারা ধানের যে দাম বলছেন সে দামেই আমাদের ধান বিক্রি করতে হচ্ছে।’ একই উপজেলার গৌরীপুর গ্রামের কৃষক আবদুর রশিদ জানান, বাজারে ধান বিক্রি করতে গেলে দুই মণের এক বস্তা ধানের বিপরীতে পাইকারদের এক কেজি ধান বেশি দিতে হচ্ছে। আবার প্রতি বস্তায় দুই কেজি করে ধান ফাও নিচ্ছেন পাইকারেরা। এভাবে পাইকারেরা কৃষকের কাছ থেকে ৮০ কেজির জায়গায় ৮৩ কেজি ধান হাতিয়ে নিচ্ছেন।
সদর উপজেলার মিলনপুর গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘৩০ মণ ধান বাজারে আনছি। সব পাইকার ধানের এক দাম হাঁকাচ্ছেন। বাইরের পাইকার না থাকায় স্থানীয়রা ইচ্ছামতো দরে ধান কিনছেন।’
নেকমরদহাটের ধান ব্যবসায়ী আবুল কালাম জানান, সম্মতি নিয়ে দুই মণ ধানে কৃষকদের কাছ থেকে দুই-তিন কেজি বেশি নেওয়াই নিয়ম। তবে ধানের দাম নিয়ন্ত্রণে তাঁদের কোনো হাত নেই। ধানের মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। বাইরের মহাজনেরা কেউ ধান কিনতে চাইলে স্থানীয় ফড়িয়াদের মাধ্যমে কেনার সুযোগ রয়েছে।
ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার জানান, অভাব-অনটনের কারণে এ অঞ্চলের কৃষকেরা গোলায় ধান সংরক্ষণ করে পরে বিক্রি করতে পারেন না। এ সুযোগে ফড়িয়া-মহাজনেরা কম দরে ধান কিনে গুদামে মজুত করেন। অনেক ফড়িয়া কৃষকদের ঠকিয়ে প্রতি বস্তায় দুই-তিন কেজি ধান বেশি নিচ্ছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।