পাইরেসি করার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সিনেমা পাইরেসি (অবৈধভাবে কপি করা) করে তা সিডিতে রূপান্তরিত করে বাজারজাত করার অভিযোগে গত বুধবার রাতে ঢাকা ও টঙ্গীতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাইরেসি চক্রের হোতা সেলিম খান (২৭) রয়েছেন। অন্যরা হলেন শাহেদ আলী (৩০), হোসাইন মোল্লা (২৮), রুহুল আমিন ওরফে আল-আমিন (২২), শফিকুল ইসলাম (৩৮), হাফিজুর রহমান ওরফে বাবু চৌধুরী (৪৩), মো. আলম (২৩), মামুন হোসেন মোল্লা (২৮) ও শাকিল খান (১৮)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পাইরেটেড অডিও ভিডিও, অশ্লীল সিডি ও সিডি তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম খান ২০১১ সালের ৮ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে পাইরেসি চক্রকে সংগঠিত করেন। চক্রটি সিনেমা হলে গিয়ে গোপন ক্যামেরায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ধারণ করত। এতে কোনো কোনো সিনেমা হলের কলাকুশলী বা মালিক সহায়তা করতেন।
এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মিউজিক্যাল স্টুডিও এবং বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাঁদের কাছ থেকে নতুন মিউজিক ভিডিওসমূহ সংগ্রহ করতেন। এসব মিউজিক তাঁরা অশ্লীল ছবির সঙ্গে সংযোগ করে নতুন সিডি তৈরি করে বাজারে ছাড়তেন।