পাইরেসি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় পর্নোগ্রাফি ও পাইরেসির কাজে ব্যবহৃত সাতটি কম্পিউটার জব্দ করা হয়। গত রোববার রাতে র্যাব অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গতকাল সোমবার বিকেলে র্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁ উপজেলার সোনাপুর কাঁচপুরের মতিনখান প্লট মার্কেট ও দেলোয়ার সুপার মার্কেটের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের সদস্য ফাহাদ (১৯), শাহ আলম (৩৫), রতন মিয়া (২৭), শামীম (৩২) ও ইউসুফ আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেরে মাসুদ রানা (২৪) নামের একজন পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে কম্পিউটারের সিপিইউতে অশ্লীল ছবি, বিভিন্ন শিল্পীর অশ্লীল গান, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির কপি রেখে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয় থানায় তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ কপিরাইট আইনে মামলার প্রক্রিয়া চলছে।