পাইরেসির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব
পাইরেসির অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ পাইরেটেড ও অশ্লীল সিডি এবং সিডি তৈরির সরঞ্জামসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর আট নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত ১২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পেট্রোবাংলার সামনে থেকে পাইরেসির অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: সেলিম খাঁন (২৭), শাহেদ আলী (৩০), হোসাইন মোল্লা (২৮), রুহুল আমিন ওরফে আল-আমিন (২২), শফিকুল ইসলাম (৩৮), হাফিজুর রহমান ওরফে বাবু চৌধুরী (৪৩), মো. আলম (২৩), মামুন হোসেন মোল্লা (২৮) ও শাকিল খান (১৮)।
সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। এই চক্রটি পাইরেসিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এদের অবৈধ টিভি চ্যানেল ছিল। সেই দুটি টিভি চ্যানেল এখন বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, পাইরেসির সঙ্গে জড়িত এই চক্রটির মূল হোতা মো. সেলিম খাঁন। এই চক্রের সদস্যরা নিজেরাই প্রেক্ষাগৃহে গিয়ে গোপন ক্যামেরায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ধারণ করতেন। এতে কোনো কোনো সিনেমা হলের মালিক ও কর্মচারীরাও সহায়তা করতেন। এমনকি বিভিন্ন মিউজিক্যাল স্টুডিও ও অ্যাড ফার্মের কর্মচারীদের কাছ থেকে নতুন মিউজিক ভিডিও সংগ্রহ করত এই চক্রটি। পরে এগুলোর সঙ্গে অশ্লীল ছবি যোগ করে বাজারে বিক্রি করা হতো। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
র্যাবের অভিযোগ, বাংলাদেশে পাইরেটেড সিডি সরবরাহের ক্ষেত্রে এটিই মূল অপরাধী চক্র। তারা পাইকারি বিক্রেতা হিসেবে সারা দেশে পাইরেটেড ও অশ্লীল ছবি সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।