পাউবো ডালিয়া বিভাগের তিন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ তিনজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার তাঁদের বরখাস্ত করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পাউবো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাউবোর মহাপরিচালক ইসমাইল হোসেনের সই করা এক আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন পাউবো ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী ফজলুল হক ও শাখা কর্মকর্তা তোবারক আলী। গতকাল মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কাগজপত্র পাইনি। কাগজ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’
রংপুর ও ডালিয়া পাউবো সূত্র জানায়, তিস্তা ব্যারাজের ভাটিতে ডাউয়াবাড়ি এলাকায় বাঁধ সংস্কার ও ভাঙন রোধে ৪৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক নির্মাণ বা স্থাপন না করে সেখানে ৩৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক ব্যবহার ও পুরোনো ব্লক প্লাস্টার করে বসানো হয়। গত অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকার এ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।
এ কাজের তদারকির প্রধান দায়িত্ব পালন করেন উপবিভাগীয় প্রকৌশলী ফজলুল হক। ওই কাজের সার্বিক দেখাশোনার দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান ও শাখা কর্মকর্তা তোবারক আলী। অভিযোগটি তদন্তে পাউবোর একটি উচ্চপর্যায়ের দল আসে। তদন্ত দল ঘটনার সত্যতা পায়।
আতিকুর রহমান মুঠোফোনে বলেন, ‘ওই অনিয়মের বিষয়ে আমি নিজেও তদন্ত করে অনিয়মের সত্যতা পাই।’